বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়ে না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ কে এম রফিক আহাম্মদ। (ইন্না লিল্লাহি....রাজিউন)।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ এপ্রিল) ভোর ৪টা ১৪ মিনিটের দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালের এসপি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ড. মো. এমদাদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৩ মার্চ ড. এ কে এম রফিক আহাম্মদের করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। পরে ২৭ মার্চ তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থায় অবনতি হলে ৮ এপ্রিল দিবাগত রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সর্বশেষ শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ দিকে, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. হুমায়ুন কবীর ও পরিচালক (প্রশাসন) ড. মো. মোকছেদ আলীও করোনা আক্রান্ত। বর্তমানে তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন।
অন্যদিকে, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার এবং সচিব জিয়াউল হাসান।